ভারতের উত্তর প্রদেশের কানপুরে গঙ্গা নদীর তীরসংলগ্ন এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও প্রশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গুজরাটের প্রশিক্ষক পাইলট শচীন ভাটিয়া এবং কর্ণাটকের প্রশিক্ষণার্থী পাইলট অভিষেক পূজারি। পুলিশের তথ্য অনুযায়ী, শচীন ভাটিয়ার প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।
পুলিশ জানায়, গার্গ এভিয়েশনের দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের বিমানটি সকাল সাড়ে ১১টার দিকে কানপুরের প্রশিক্ষণ কেন্দ্র থেকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর নাথাপুরওয়া গ্রামের কাছে গঙ্গার তীরবর্তী এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্তের জন্য সংরক্ষণ করা হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) বিষয়টি তদন্ত করবে। দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে।
গার্গ এভিয়েশন জানিয়েছে, বিমানটি ২০২৩ সালে তাদের বহরে যুক্ত হয়েছিল এবং এতে রক্ষণাবেক্ষণজনিত কোনো ত্রুটি ছিল না।
সূত্র: পিটিআই (ভারত)