ইউক্রেনের ক্রিভি রিহ শহরের একটি ব্যস্ত শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জন। নিখোঁজ রয়েছেন অন্তত নয়জন।
স্থানীয় সময় শুক্রবার দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ওই শপিং সেন্টারে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলাটি দুই ধাপে চালানো হয়েছে। দ্বিতীয় ধাপে ঘটনাস্থলে থাকা জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করা হয়।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর হানঝা জানান, আহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে। আহত ২৯ জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার পর রাতভর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালান কর্মীরা। জীবিতদের সন্ধানে চারটি অঞ্চল থেকে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।
এদিকে শনিবার ভোরে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার আরও হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। কিয়েভে একটি গুদামে আগুন লেগে একজন নিহত হন। জাপোরিঝঝিয়ায় ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক হামলাগুলোতে বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের পরিবহন অবকাঠামো ও গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।