ইরানের সীরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার জবাবে ইরাকসহ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে।
আইআরজিসির দাবি, হামলায় পেন্টাগনের একটি মেরামত কেন্দ্র, প্রযুক্তিগত সরঞ্জাম সংরক্ষণের একটি গুদাম এবং মার্কিন নজরদারি বেলুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হয়েছে। হামলার পর একটি সামরিক ঘাঁটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরান। তবে এসব ক্ষয়ক্ষতি ও হতাহতের দাবির স্বাধীন কোনো সত্যতা পাওয়া যায়নি।
এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো সতর্কবার্তা দিয়ে বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যের সর্বশেষ আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, দক্ষিণ লেবাননের কফর রেমান ও আরব সালিম এলাকার উপকণ্ঠে দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এর আগে ইরানের খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। প্রদেশটির নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য আরও হামলা ও পাল্টা হামলার আশঙ্কায় বিভিন্ন দেশে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।
সূত্র: আল জাজিরা