নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত আটটি জেলা থেকে লাশ উদ্ধারের পর এ সংখ্যা জানায় নেপাল পুলিশ। পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে সংশোধিত মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রাসুয়ায় ১৭, নুয়াকোটে ২৮, ধাদিংয়ে ৩৩, চিতওয়ানে ১৩২, গোর্খায় ৩০, তানাহুনে ২২, পূর্ব নওয়ালপরাসিতে ৮২ এবং পশ্চিম নওয়ালপরাসিতে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বন্যাকবলিত জেলাগুলোতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি নিখোঁজদের সন্ধান এবং বন্যা ও ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়া সড়ক পরিষ্কারে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের সঙ্গে কাজ করছে উদ্ধারকারী দল।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট