নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে নিখোঁজ হওয়ার নয় দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন সঞ্জয় শাহ ও কবীর মহারাজন।
গত ২৬ আগস্ট ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে ভয়াবহ হড়পা বান ও বন্যার পর বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ হন। এর মধ্যে রাসুয়া জেলার ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গেও কয়েকজন শ্রমিক আটকা পড়েন।
শুক্রবার সকালে দীর্ঘ নয় দিন পর সঞ্জয় শাহ ও কবীর মহারাজনকে জীবিত উদ্ধার করা হয়। সঞ্জয় প্রকল্পটির মেকানিক্যাল ফোরম্যান এবং কবীর মেকানিক্যাল সুপারভাইজার। উদ্ধারের পর দুজনকেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতর থেকে আরও কয়েকজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এতে আটকে থাকা অন্য শ্রমিকদেরও জীবিত উদ্ধারের আশা তৈরি হয়েছে। তবে বন্যার কাদা, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। নেপালি সেনাবাহিনী আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
এদিকে রাসুয়ার লাংটাং খোলা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে আরও দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার