আন্তর্জাতিক

নেপাল

নেপালের বন্যায় ভারতে ভেসে এলো ৭ মরদেহ

নেপালের নারায়ণী নামে পরিচিত গণ্ডক নদী থেকে ভেসে আসা চারটি মরদেহ মহারাজগঞ্জ ও তিনটি কুশীনগর জেলা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাতজনের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যায় ভেসে আসা সাতটি মরদেহ ভারতের উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের ধারণা, নেপালে আকস্মিক বন্যায় নিহতদের মরদেহ নদীর প্রবল স্রোতে ভেসে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছে।

শুক্রবার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হিন্দির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নেপালের নারায়ণী নামে পরিচিত গণ্ডক নদী থেকে ভেসে আসা চারটি মরদেহ মহারাজগঞ্জ ও তিনটি কুশীনগর জেলা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাতজনের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ।

ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) উদ্ধারকারী দল টহল দেওয়ার সময় নদীতে মরদেহগুলো দেখতে পায়। পরে স্পিডবোটে করে সেগুলো উদ্ধার করে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট জেলা সদর দপ্তরে পাঠানো হয়।

মহারাজগঞ্জের মহকুমা ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ গুপ্ত জানান, উদ্ধার হওয়া চারজনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। মরদেহগুলো নেপাল থেকে ভেসে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এখনো কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুশীনগরের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ভার্মা জানান, ওই জেলা থেকে উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। মরদেহগুলো ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছে এবং শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।

এদিকে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

নেপাল-চীন সীমান্তে পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৫ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ১ হাজার ৪০০ জন নিখোঁজ রয়েছেন।