ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি করেছে নেপাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, এটি কোনো দান নয়; জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বড় নির্গমনকারী দেশগুলোর নৈতিক ও আইনি দায় রয়েছে।
গত ২৬ আগস্ট নেপালের ভোতেকোশি নদীর অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। নেপাল-চীন সীমান্তের কাছে পাথর ও বরফ ধস থেকে বন্যার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে রাসুয়া, নুওয়াকোট ও ধাদিংয়ের বিস্তীর্ণ এলাকা, ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালের কর্তৃপক্ষের হিসাবে, বন্যায় এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। অবকাঠামো পুনর্গঠনে দেশটির ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।
এদিকে জরুরি আর্থিক সহায়তার জন্য নেপাল জাতিসংঘ-সমর্থিত ‘ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ’-এ আবেদন করেছে। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিষয়টি জোরালোভাবে তুলে ধরার পরিকল্পনাও করছে দেশটি।