আন্তর্জাতিক

বন্যা-ভূমিধস

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৪৭

নেপাল পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৫৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে নওয়ালপরাসি পশ্চিম ও নওয়ালপরাসি পূর্বের নারায়ণী নদী থেকে।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

নেপালে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৪০০ মানুষ। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) ও পুলিশের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নেপাল পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৫৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে নওয়ালপরাসি পশ্চিম ও নওয়ালপরাসি পূর্বের নারায়ণী নদী থেকে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাসুয়ায় ১২, নুয়াকোটে ৩৭, ধাদিংয়ে ৩৩, খোরখায় ৪৬, চিতওয়ানে ২৮, নওয়ালপরাসি পশ্চিমে ১৩৪ এবং নওয়ালপরাসি পূর্বে ২২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খোরখায় মানুষের শরীরের বিভিন্ন অঙ্গও উদ্ধার হয়েছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রাসুয়া থেকে অধিকাংশ মরদেহ নদীর স্রোতে ভেসে নিচের দিকে চলে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বন্যার পর থেকে নিখোঁজ থাকা শত শত পর্যটকের তালিকা প্রকাশ করেছে নেপাল সরকার। তালিকায় ৫৩৭ জন বিদেশি নাগরিকের নাম, জন্মতারিখ ও জাতীয়তা উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৩৩ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ১৪ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৭৪২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

নেপালের সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি জরুরি ত্রাণ পৌঁছে দিচ্ছে।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের ভয়াবহ বন্যায় তিব্বতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনো ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

সূত্র: বিবিসি, এনডিটিভি