নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও ৮২৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। উদ্ধার করা মরদেহের মধ্যে চিতওয়ানে ১০৯, পূর্ব নাওয়ালপারাসিতে ৬২, দাধিংয়ে ২৭, গোর্খায় ২০, রসুয়ায় ১৭, পশ্চিম নাওয়ালপারাসিতে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাহুনে ৯টি রয়েছে।
নিখোঁজদের মধ্যে সেনাবাহিনীর ৪৪ সদস্য, পুলিশের ২৮ সদস্য এবং সশস্ত্র বাহিনীর আরও ১৩ সদস্য রয়েছেন। এছাড়া নিখোঁজ ৬৪৪ পর্যটকের মধ্যে ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন নেপালি।
বুধবার (২৬ আগস্ট) সকালে রসুয়ার দিকে আকস্মিক বন্যা ধেয়ে এলে ত্রিশূলী ও নারায়ণী নদীর পানি বেড়ে যায়। একই সঙ্গে ভোটেকোশী নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি উঠে যায়।
নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আরও প্রায় ৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এর আগে চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।
সূত্র: কাঠমান্ডু পোস্ট