জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। নিউইয়র্কে অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি চলছে। তাঁর সফরসঙ্গীদের ভিসা প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তারেক রহমানের প্রথম ভাষণ। অধিবেশনের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি নিউইয়র্কে অবস্থান শেষে তাঁর সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রায় নয় দিনের হতে পারে। সফরের চূড়ান্ত সময়সূচি ও কর্মসূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন। ফলে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্বে থাকবেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তাঁর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন।
জাতিসংঘ সফরের আগে প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর করেছেন। ওই সফরগুলোতে জনশক্তি রপ্তানি, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও চুক্তি হয়েছে। এবার জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন প্রধানমন্ত্রী।