পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত করবেন।
পক্ষকালব্যাপী আয়োজনে ওয়াজ-মাহফিল, কিরাত মাহফিল, হামদ-নাত ও বিষয়ভিত্তিক সেমিনারসহ নানা কর্মসূচি থাকছে। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের সঙ্গে পরিচিত করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল ও ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, এসব কর্মসূচির মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের এসব জ্ঞানগর্ভ অনুষ্ঠান ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।