ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথ উন্নয়নসংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যাসহ এসব নদীর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়নের রূপরেখাও পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত, সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ থেকেই পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।