দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটে লোডশেডিংয়ের বোঝা সবার মধ্যে সুষমভাবে বণ্টন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ের পিআইডি সম্মেলন কক্ষে সরকারের উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আগে ঢাকার মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে গ্রামাঞ্চলে তুলনামূলক বেশি লোডশেডিং দেওয়া হতো। তবে বর্তমান সরকার সংকটের বোঝা সবার মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই এখন ঢাকাতেও লোডশেডিং হচ্ছে।
তিনি বলেন, বড় শহরগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় সেখানে বিদ্যুতের চাহিদাও বেশি। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লোডশেডিংয়ের চাপ সবার মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ ঘাটতির কারণ হিসেবে জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণ, সঞ্চালন ও গ্রিডের সীমাবদ্ধতা এবং বাড়তে থাকা বিদ্যুতের চাহিদার কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকার ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজনীয় মাত্রায় লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলে সরবরাহের জন্য পুনর্বণ্টন করা হচ্ছে।
এর ফলে ঢাকার বাইরে শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী ও ঘনঘন লোডশেডিংয়ের চাপ কমছে বলে জানান তিনি।
‘আমরা একটা সংকটের মধ্যে আছি। এই সংকটে আমাদের সবাইকে কমবেশি কষ্ট নিতে হবে। এই কষ্টটা যে খুব দীর্ঘ সময় হবে, সেটাও আমরা মনে করি না’ বলেন জাহেদ উর রহমান।