রাজ টাইমস ডেস্ক:বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ কারাবাসের পর তিনি মুক্তি পান। দিনটি প্রতিবছর কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
২০০৭ সালের সেনা-সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে আটক করা হয়। এরপর প্রায় ৫৫৪ দিন কারাবন্দি ছিলেন তিনি।
কারাগারে রিমান্ডের নামে তার ওপর নির্যাতন চালানো হয়েছিল বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে পরে তাকে লন্ডনে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।
মুক্তির পর থেকেই দীর্ঘ নির্বাসিত জীবন কাটান তারেক রহমান। তার কারামুক্তির দিনটি স্মরণে প্রতিবছর ৩ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।