জাতীয়

সড়কপথে দূর্ঘটনা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের হাতে দেশে ফেরার টিকিট থাকলেও শেষ পর্যন্ত বিমানে ওঠা হয়নি তাদের।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চার বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও প্রশাসন কাজ করছে।

জানা গেছে, দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়।

এ ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ নিজ এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

নিহত অপর দুই প্রবাসীর পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে।