জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে নিয়ম-শৃঙ্খলা না মানা হলে সংসদ বেশি দিন চলবে না। অধিবেশন চলাকালে একে অপরের বক্তব্যে বাধা দেওয়ার প্রবণতাও সংসদের জন্য ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই তিনি এসব কথা বলেন।
সংসদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের পর দেশে গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে, সে দায়িত্ব সংসদের প্রতিটি সদস্যের।
সংসদ সদস্যদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধি পড়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, স্পিকার যখন কোনো সদস্যকে নিজ আসনে বসার নির্দেশ দেন, তখন তা মেনে চলা সংসদীয় নিয়ম ও রীতির অংশ।
তিনি আরও বলেন, নিয়ম ও রীতি ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না। এ সময় তিনি সবাইকে সংসদের নিয়ম মেনে চলার আহ্বান জানান।