জাতীয়

‘চব্বিশ ছিল রিহার্সেল, ফাইনাল যুদ্ধ নয়’: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ নয়, বরং একটি ‘রিহার্সেল’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবকে কেউ যেন ফাইনাল যুদ্ধ মনে না করেন। চব্বিশের আন্দোলন ছিল শুধুই একটি রিহার্সেল।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলনে জেগে ওঠা মুক্তিকামী মানুষ হারিয়ে যায়নি। তারা এখনো সজাগ দৃষ্টিতে দেশের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ফ্যাসিবাদ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়; এটি একটি সংক্রামক ব্যাধি। যার ভেতরে এটি প্রবেশ করে, সে-ই ফ্যাসিস্ট হয়ে ওঠে।

তিনি আরও বলেন, চব্বিশের বিপ্লবে জেগে ওঠা মানুষ এখনো সজাগ রয়েছে। তাই কেউ যেন ওই আন্দোলনকে শেষ যুদ্ধ মনে না করেন। এটি ছিল কেবল একটি রিহার্সেল।

বিগত সরকারের পতনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাস অনুযায়ী, একবার যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না।

তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশকে খুশি করতেই ‘জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর’ থেকে আন্দোলনের গুরুত্বপূর্ণ অনেক স্মৃতি ও উপাদান গায়েব করে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে সমাজ পরিবর্তনের সুবাতাস বইছে উল্লেখ করে জামায়াত আমির ইনসাফভিত্তিক ও মানবিক সমাজ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।