জাতীয়

চুক্তি

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ পানি ও নদীসংক্রান্ত বিষয়গুলো দ্বিপক্ষীয় যৌথ নদী কমিশনের (জেআরসি) কাঠামোর আওতায় আলোচনা করা হবে।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তি নিয়ে ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। অভিন্ন নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করেই নতুন চুক্তি করতে চায় সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ পানি ও নদীসংক্রান্ত বিষয়গুলো দ্বিপক্ষীয় যৌথ নদী কমিশনের (জেআরসি) কাঠামোর আওতায় আলোচনা করা হবে। চুক্তির যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে অব্যাহত রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি ভারতকে জানানো হয়েছে। ‘আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি’—বলেন তিনি।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন চুক্তিতে পানি বণ্টনব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করা জরুরি।