জাতীয় ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সিইসি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো অন্যায় বা বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলেও তিনি জানান।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রচলিত আইন ও যোগ্যতা অনুযায়ী যারা বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন, তাদের প্রত্যেকেরই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।