সীমান্ত হত্যা বন্ধের পাশাপাশি চোরাচালান, মাদকপাচার ও পুশ ইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পরে প্রেসিডেন্টের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে বিজিবি মহাপরিচালক প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।
প্রেসিডেন্ট বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় বাহিনীতে আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের প্রশংসা করে তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি সীমান্তে পুশ ইন ও হত্যাকাণ্ড বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে প্রেসিডেন্টের সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।