রাজনীতি

বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আশা করছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করোনা মোকাবিলা করতে পারবে না। কিন্তু আমরা যেভাবে মোকাবিলা করেছি, তা আজ সমগ্র বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত।

রাজটাইমস ডেস্ক
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি করোনা টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আশা করছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করোনা মোকাবিলা করতে পারবে না। কিন্তু আমরা যেভাবে মোকাবিলা করেছি, তা আজ সমগ্র বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত। এরপর বিএনপি আশা করেছিল, সঠিক সময়ে টিকা আনা সম্ভব নয়। যখন সঠিক সময়ে টিকা চলে এল, তখন তারা এই টিকা নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন, এই টিকার ওপর নাকি তাদের আস্থা নেই। অথচ এই টিকার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ পুরো পৃথিবীই আস্থা স্থাপন করেছে। ভারতের কোটি কোটি মানুষকে এবং পৃথিবীর অন্যান্য দেশও এই টিকা কিনে তাদের জনগণকে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানাব, সরকারের সাফল্যে আপনাদের মুখ ম্লান হয়েছে বলে জনগণকে বিভ্রান্ত করার যে নোংরা খেলায় নেমেছেন; এটি দেশ, জাতি ও জনগণের সঙ্গে প্রতারণা। আপনারা দয়া করে সেই প্রতারণাটা করবেন না।’

জনপ্রতিনিধিরা আগে টিকা পাবে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার অধিকার আগে নয়। যারা জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কাজ করছে, তাদের অধিকারটা আগে। তবে পথ দেখানোর জন্য ভলান্টিয়ার করতে আমার আপত্তি নাই।’

 

সূত্র: প্রথম আলো