রাজনীতি

আমির হামজার গাড়িতে হামলা, বাড়িতে পুলিশ

আমির হামজার গাড়িতে হামলা, বাড়িতে পুলিশ

রাজটাইমস ডেস্ক:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরস্থ ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

এই হামলায় তার গাড়ির কাঁচ ভেঙে গেছে। হামলায় গাড়ির সামনে বসা এমপির চাচার পা কেটে যায়। এছাড়াও মুফতি আমির হামজা নিজেও মাথায় আঘাতপ্রাপ্ত হন। বিক্ষোভ মিছিল থেকে এমপির বাড়িতেও ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণআধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিল গণধিকার পরিষদ। এ সময় আমির হামজার গাড়ি ৬ রাস্তার মোড়ে পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করা হয়। এই সময় উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায়। এতে জামায়াতে ইসলামীর ৭ জন ও গণঅধিকার পরিষদের ৩ জন আহত হয় বলে জানা গেছে। তারা আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, ‘আমির হামজা আমাদের গণধিকার পরিষদকে নিয়ে বলেছেন এই দল দুইজনের, তাছাড়া এদের আর কোনো লোকজন নেই। এছাড়াও তিনি আরও তুচ্ছ–তাচ্ছিল্য করে আমাদের গণঅধিকার পরিষদ নিয়ে কথা বলেছেন। এ ঘটনার প্রতিবাদে আজকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল ৬ রাস্তার মোড়ে।’

এ বিষয়ে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই দিকে প্রোগ্রামে ছিলাম। রাস্তাঘাট কালভার্ট কোথায় কোনটা করতে হবে সেই তথ্য নিচ্ছিলাম। আমি ২০ তারিখে মন্ত্রণালয়ে যাব সেজন্য। এ সময় খবর পাই আমার বাবা–মা তুলে আমাকে গালাগালি করছে।

এ সময়ে আমি সদর থানার ওসিকে কল দিলে তার গাড়ি আগে এবং আমার গাড়ি পেছনে ছিল। এ সময় অতর্কিতভাবে আমার গাড়িতে লাঠি হকিস্টিক দিয়ে হামলা করা হয়। গাড়ির সামনে বসে থাকা আমার চাচার পা কেটে যায় এবং আমি মাথায় আঘাতপ্রাপ্ত হই।’

এ বিষয়ে কিছু অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।