রাজনীতি

জামায়াত

জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাংলাদেশের চলমান জ্বালানি সংকট, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মালয়েশিয়ার হাইকমিশনার জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা করেন।

মতবিনিময়কালে দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। ভবিষ্যতে বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাতে মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার ও হাজওয়ান বিন হাসনল উপস্থিত ছিলেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।