আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার। আগের তালিকার তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার জন।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের সুযোগ দেওয়া হয়। এ জন্য ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হয়।
ইসির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হয়। এসব আবেদনের নিষ্পত্তি করা হয় ২৭ আগস্টের মধ্যে। পরদিন ২৮ আগস্ট সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনের কাজ সম্পন্ন করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। ইসি আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন শুরু করতে চায়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের কথা ভাবা হচ্ছে।
নির্বাচন কমিশনের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও নির্বাচনী তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।