রাজনীতি

বেগমগঞ্জে আবারও গুলিবর্ষণ, শিবির কর্মীসহ গুলিবিদ্ধ ৩

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবর্ষণের ঘটনায় শিবিরের কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।


শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটোরাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


গুলিবিদ্ধরা হলেন বারইচতল গ্রামের মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) ও মো. হোসেনের ছেলে সাহের।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবু জায়েদ বলেন, আহতদের মধ্যে দুজন শিবিরের সমর্থক বলে জানা গেছে। এর আগেও বিয়ের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজন গুলিবিদ্ধ হন।