রাজ টাইমস ডেস্ক:
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘শ্যাডো ক্যাবিনেট’ গঠন করেছে। দলটির আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী ধরে গঠিত এই কাঠামোর সদস্যদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান জানান, ছায়া মন্ত্রিসভার সদস্যদের প্রশিক্ষণ চলছে। নির্ধারিত সময়ে তাদের নাম প্রকাশ করা হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, গত মাসে নির্বাহী কমিটির সিদ্ধান্তে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি সংসদ সদস্য নন—এমন সিনিয়র নেতারাও যুক্ত রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
জামায়াতের দাবি, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, বিকল্প নীতিপ্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করাই ছায়া মন্ত্রিসভার মূল উদ্দেশ্য।
দলটির নেতারা জানান, সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও বাজেট পর্যালোচনাসহ নানা বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার সদস্যরা। প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার জন্য একটি টিম থাকবে।
জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, দুর্বলতা চিহ্নিত করে বিকল্প প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব তৈরি—এই তিনটি লক্ষ্য সামনে রেখে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। প্রয়োজনে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হবে।
সূত্র: আগামীর সময়