রাজ টাইমস ডেস্ক:
চলতি সেপ্টেম্বর মাসেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, চলতি মাসের শেষদিকে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তবে দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না করে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এদিকে নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষার সময় হওয়ায় ওই সময় ভোটগ্রহণ না করার কথা জানিয়েছে ইসি। কারণ, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের পাশাপাশি শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরার ব্যবহার এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া উপনির্বাচনে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার।