আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি নিয়ে পুলিশকে শুধু অবহিত করা হয়েছে, কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার রাতে পুলিশ সদর দপ্তরে আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ১১ দলীয় জোটের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পরওয়ার বলেন, রাজনৈতিক কর্মসূচির জন্য অনুমতির প্রয়োজন নেই। লংমার্চের সময়, স্থান ও রুট সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তিনি জানান, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হবে। গণভোটে জনগণের রায় বাস্তবায়ন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।