রাজনীতি

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
ছবি: ফাইল

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারকে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বলেন, গতকাল ‘সম্মিলিত উলামা মাশায়েষ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানানো হয়েছিল যে, শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী।

বিবৃতিতে দাবি করা হয়, তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলীগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনা-বিরোধী মতাদর্শে বিশ্বাসী।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক বলেন, ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এই পদে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব না দিয়ে এমন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত হানবে।

বিবৃতিতে সরকারকে সতর্ক করে বলা হয়, দেশের কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান ও পরামর্শকে উপেক্ষা করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থায় চরম চিড় ধরবে।

এতে আরও বলা হয়, সরকারের উচিত শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা। একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শক্রমে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Topics