রাজনীতি

কুমিল্লা

‘মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

‘মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’—নেতাকর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করার কয়েক ঘণ্টা পরই মারা গেলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন। এ সময় অনেকে ধারণা করছিলেন, শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে পারেন।

এর জবাবে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে খোকন বলেন, ‘আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’

গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন তিনি। রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান।

সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

ফজরের নামাজের পর মসজিদের মাইকে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।