প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা হওয়ায় প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবারের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালী-বিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
আলোচনায় প্রধানমন্ত্রীর জীবনযাপনের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এটি দেখে তিনি উৎসাহিত হন। তিনি বলেন, এত কম খরচে তিনিও খেতে পারেন না; তার খাবারের খরচ কিছুটা বেশি।
এ সময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাতের ইশারায় বিরোধীদলীয় নেতাকে খাবারের আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই তাকে খাওয়ানোর কথা বলেন।
জবাবে শফিকুর রহমান বলেন, তিনি একা খাবেন না; ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে খেতে চান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান তিনি।
বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করে বলেন, তিনি জাঁকজমকপূর্ণ পোশাক বা জীবনযাপন করেন না। তবে যারা প্রধানমন্ত্রীকে নিজেদের ‘আইকন’ হিসেবে তুলে ধরেন, তাদের আচরণে অনেক সময় এর বিপরীত চিত্র দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, কাউকে আইকন মানলে তার ভালো দিকগুলোও অনুসরণ করা উচিত। তবে প্রধানমন্ত্রীও ভুলের ঊর্ধ্বে নন উল্লেখ করে তার সব কথায় ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন।
এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনার সময় দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।