রাজনীতি

লংমার্চ

ছয় দফা দাবিতে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ আজ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ছয় দফা দাবিতে আজ শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

সকাল ৭টায় ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের পর লংমার্চ শুরু হবে। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। পরে রাত ৯টায় চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, লংমার্চে অংশ নিতে তিন হাজারের বেশি গাড়ির প্রস্তাব এলেও দেশের বর্তমান জ্বালানি সংকট বিবেচনায় গাড়ির সংখ্যা কমিয়ে প্রায় এক হাজার করা হয়েছে।

তিনি বলেন, লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। যানজট এড়াতে বহরের গাড়িগুলো এক লাইনে চলবে এবং সড়কের একটি লেন ব্যবহার করা হবে। ফলে অন্যান্য যানবাহনের চলাচলে সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, নির্ধারিত পাঁচটি পথসভায় জোটের নেতারা বক্তব্য দেবেন। সময় বিবেচনায় কোন নেতা কোথায় বক্তব্য দেবেন, তা আগেই নির্ধারণ করা হয়েছে। এর বাইরে আরও কয়েকটি পথসভা হতে পারে।

এদিকে ঢাকা-চট্টগ্রামসহ চার বিভাগ অভিমুখে লংমার্চকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক কর্মসূচিতেও দলটি অংশ নেবে।

দলটির শীর্ষ নেতাদের ভাষ্য, সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ানো এবং ছয় দফা দাবি আদায়ে লংমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চার বিভাগ অভিমুখে লংমার্চের পাশাপাশি আগামী ১৪ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশের মাধ্যমে জনগণের দাবিগুলো তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।