রাজনীতি

কাদের মির্জাকে গ্রেফতারের দাবি কোম্পানীগঞ্জ আ’লীগের

গত ১৮ ফেব্রুয়ারি কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি ভেঙে দিয়ে উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীকে বহিষ্কার করেন।

রাজটাইমস ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতারা।


শনিবার দুপুর পৌনে ২টায় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী।

এতে বলা হয়, গত ৯ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভায় মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে শ্রমিকলীগকর্মী আলাউদ্দিনকে হত্যার ‘মাস্টার মাইন্ড’ কাদের মির্জাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করছি।

অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি নুর নবী চৌধুরীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান খিজির হায়াত খান।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা কমিটি ভেঙে দিয়ে উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীকে বহিষ্কার করেন। এ বিষয়ে খিজির হায়াত খান ও নুর নবী চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘কাদের মির্জা উপজেলা আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি এ ধরনের সভা আহ্বান করতে পারেন না। তার সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ।’

 

 

সূত্র: নয়া দিগন্ত