রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে

জামায়াতের প্রার্থী সাবেক শিবির সভাপতি দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। দলটির প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে তার প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

সমাবেশে আব্দুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি নির্বাচন। জামায়াতে ইসলামী দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করছে। এ কারণে দলটি সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জনগণ সঠিকভাবে ভোট দিতে পারলে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জামায়াতের প্রার্থী জয়ী হবেন বলে তারা আশাবাদী।

ঠাকুরগাঁও-১ আসনের আওতায় রয়েছে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে ওই জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন।