জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত প্রস্তাবিত বিল পর্যালোচনায় সংসদীয় স্থায়ী কমিটিকে মাত্র দুই কার্যদিবস সময় দেওয়ার প্রতিবাদে কমিটির বৈঠক বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৩০ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জামায়াতের দুই সদস্য ড. মো. নাজিবুর রহমান ও অ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিফ উপস্থিত ছিলেন। বিলটি পর্যালোচনার জন্য উত্থাপনের পর তারা বৈঠক থেকে বেরিয়ে যান।
জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র ড. মো. নাজিবুর রহমান বলেন, প্রস্তাবিত বিলটি আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশন, বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি অভিযোগ করেন, মাত্র দুই দিনের সময়সীমায় গুরুত্বপূর্ণ এই বিল পর্যালোচনার সুযোগ সীমিত করা হয়েছে। এ কারণে সংসদীয় স্থায়ী কমিটিকে ‘রাবার স্ট্যাম্পে’ পরিণত করার পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনের স্বাধীনভাবে তদন্তের ক্ষমতা সীমিত করা হয়েছে। বিলটি পাসের প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।