চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা।
এর আগে বছরের শুরুতে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ফলে বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬১ হাজার কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ঋণ বিতরণের পাশাপাশি পূর্বের খেলাপি ঋণের সুদ এবং উচ্চ আদালতের আদেশের প্রভাবেও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।