রাজনীতি

হত্যা

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আদম আলী আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এছাড়া তিনি আটঘরিয়ার আলোচিত কিশোরী তমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিকেলে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। চন্ডিপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।