স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখা এবং প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।
তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের মাঠ তৈরি করছে। তাই এসব প্রশাসককে স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে জামায়াত।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের কয়েকটি দাবি ইতোমধ্যে নির্বাচন কমিশন মেনে নিয়েছে। তবে কিছু দাবি এখনও মানা হয়নি। নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি এবং ইসির প্রতি দলের আস্থা রয়েছে।
তিনি আরও বলেন, সরকারি চাপের কারণে নির্বাচন কমিশনের কিছুটা অসহায়ত্ব রয়েছে। জামায়াতের দাবিগুলো বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।
জামায়াতের এই নেতা জানান, ১১ দলীয় ঐক্য শুধু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে জোটের শরিকদের সঙ্গে এ নিয়ে কোনো সংঘাত হবে না।