আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ড. নুরুল ইসলাম বাবুলকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
দলীয় সূত্র জানায়, দিনব্যাপী আয়োজিত ‘শিক্ষা শিবির’ অনুষ্ঠানে ড. নুরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়। তিনি জামায়াতের সিলেট মহানগর নায়েবে আমির। একই সঙ্গে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সমাবেশে এ টি এম আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সিলেটকে ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ড. বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রার্থী ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। দ্রুত নগরীর প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণসংযোগ জোরদারের নির্দেশনাও দেওয়া হয়।