রাজশাহী রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ করতে গিয়ে মাটির নিচে থাকা ডিজেল সংরক্ষণ ট্যাংকের পাইপ ফেটে বিপুল পরিমাণ তেল ড্রেনে ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার দুপুরে ৮ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ড্রেনে ভেসে যাওয়া ডিজেল বালতি, ড্রামসহ বিভিন্ন পাত্রে করে সংগ্রহ করতে দেখা যায় স্থানীয়দের।
রেলওয়ে সূত্র জানায়, শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ৮ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণকাজের সময় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের এসকেভেটরের আঘাতে মাটির নিচে থাকা ডিজেল সরবরাহের পাইপটি ফেটে যায়। এতে ট্যাংকে সংরক্ষিত ডিজেল দ্রুত বের হয়ে পাশের ড্রেনে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, ড্রেন থেকে তারা প্রায় ১০ হাজার লিটার ডিজেল সংগ্রহ করেছেন। তবে ছড়িয়ে পড়া তেলের প্রকৃত পরিমাণ কিংবা এতে আর্থিক ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, তেলের ডিপোর পাশ দিয়ে শিরোইল কলোনির দিকে চলে যাওয়া ড্রেনে তেল জমে রয়েছে। স্থানীয়দের অনেকে বালতি ও বিভিন্ন পাত্র দিয়ে তা সংগ্রহ করছেন। কেউ কেউ ড্রামেও তেল জমা করছেন। এতে ঘটনাস্থলে মানুষের ভিড় তৈরি হয়।
রেলওয়ে সূত্র আরও জানায়, স্টেশনের তেলের ডিপোতে ট্রেনের ইঞ্জিন ও পাওয়ার কারের জন্য সরকারি বরাদ্দের ডিজেল সংরক্ষণ করা হয়। একটি ট্যাংকের ধারণক্ষমতা প্রায় ৩০ হাজার লিটার। সেখানে পদ্মা ও যমুনা ওয়েলের এজেন্সিও রয়েছে।