রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় বিগত সময়ে মাদক ও পাচারকারী চক্রের প্রায় এক হাজার সদস্য শত কোটি টাকার মালিক হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, এসব মাদক ও পাচারকারী চক্র দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশসহ (আরএমপি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিলে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানকে ঘিরে একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। এদের অনেকে অবৈধভাবে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছে। মাদক ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীকে এ ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘এই চক্র দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে এলে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
আরএমপির প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পনা ও উদ্যোগে ১৯৯২ সালে রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, জনগণের নিরাপত্তায় আরএমপি তার কর্মকাণ্ডের মাধ্যমে রাজশাহীসহ সারা দেশের মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে—এটাই দেশবাসীর প্রত্যাশা।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আরএমপি সদর দপ্তরে পুনঃস্থাপিত ঐতিহাসিক নামফলক উন্মোচন করা হয়। পরে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯২ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়। একই সময়ে আরএমপি সদর দপ্তরেরও উদ্বোধন করা হয়েছিল। দীর্ঘ সময় পর সেই ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।