রাজশাহী

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক হাসপাতাল চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম গোলাম কিবরিয়া ডন ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো. বদরুদ্দোজা লাকিসহ হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ রাজশাহীবাসীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে হাসপাতালের কার্যক্রম আরও এগিয়ে নিতে সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় রাসিক প্রশাসক হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাগত জানিয়ে বলেন, নগরবাসীর কল্যাণে মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগকে স্বাগত জানায় সিটি করপোরেশন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎ ও মতবিনিময়ে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।