রাজশাহী-নাটোরের বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে নাটোর হয়ে দেশের বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহী বাস টার্মিনাল থেকে এসব রুটের কোনো বাস ছেড়ে যায়নি। এতে টার্মিনালে এসে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দর্শনার উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন সেখানকার মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে তুলে দর্শনার উদ্দেশ্যে পাঠানো হয়।
এ ঘটনার জেরে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের ‘তুহিন পরিবহন’-এর তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটকে থাকা ‘রাব্বি পরিবহনের’ বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।
তবে এর মধ্যেই দুই জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধ আরও জটিল আকার নেয়। পরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে শুনেছি। যেসব বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করে, সেগুলো বন্ধ রয়েছে। আমি বাস টার্মিনালে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারব।’
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।’
বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে নিয়মিত বাস চলাচল করে। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় এসব রুটের যাত্রীরা বিকল্প পরিবহনের জন্য টার্মিনালে অপেক্ষা করছেন।
এদিকে, বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।