রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনজনকে জরিমানা করেছে র্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
র্যাব-৫ এর সদর কোম্পানি, রাজশাহী এবং রাজশাহী সিটি করপোরেশনের সমন্বয়ে পরিচালিত অভিযানে কোর্ট বুলনপুরসহ মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা লঙ্ঘনের অভিযোগে তিনজনকে জরিমানা করা হয়।
র্যাব-৫ জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চালানো হবে। রাজশাহী মহানগরীকে সবার নিরাপদ চলাচলের উপযোগী করে গড়ে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়, মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।