রাজশাহী

রাজশাহীর

পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত

রাজশাহীর পবা উপজেলায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার আঘাতে মো. ইদ্রিস আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার আঘাতে মো. ইদ্রিস আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ইদ্রিস আলীর ভাই আবু বকর সিদ্দিক ও তাঁর ছেলে মো. আলফাজ (৩৫) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়গাছী ইউনিয়নের দাঁদপুর বাগিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমিতে ধান ও পাটের কাজ করার সময় আলফাজ তাঁর বাবার সামনে বিড়ি ধরালে আবু বকর সিদ্দিক তাঁকে বকাঝকা করেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। স্থানীয় কয়েকজন তাঁদের ঝগড়া থামিয়ে বাড়িতে চলে যেতে বলেন।

কিছুক্ষণ পর আবারও বাবা-ছেলের মধ্যে মারামারি শুরু হলে ইদ্রিস আলী তা থামাতে এগিয়ে যান। এ সময় আলফাজের হাতে থাকা হাশুয়ার আঘাতে তাঁর বাবা ও চাচা আহত হন। গুরুতর আহত ইদ্রিস আলীকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আক্তার বলেন, বাবা-ছেলের মারামারি থামাতে ইদ্রিস আলী এগিয়ে গেলে হাশুয়ার আঘাতে তিনি মাটিতে পড়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাজ গত রোববার নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগার থেকে জামিনে বাড়ি ফেরেন। তাঁর বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এসব বিষয় পুলিশ তদন্ত করে দেখছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হাশুয়ার আঘাতে ইদ্রিস আলী নিহত হয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।