পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য জশনে জুলুশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে নগরীর সাহেব বাজার থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। সবুজ পতাকা, ব্যানার ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান সড়কগুলো।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ রাজশাহী জেলা আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি সাহেব বাজার থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেওয়া মুসল্লিদের অনেকের হাতে ছিল সবুজ পতাকা ও বিভিন্ন ব্যানার।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী জেলা আহবায়ক কমিটির প্রধান আহবায়ক হাফেজ মৌলভী মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. শাহ মুহাম্মদ ওয়াকার আহমেদ মুখতারী, হাফেজ মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলী আল মুজাদ্দেদী, প্রধান সদস্য সচিব মুফতি মাসুম আহমেদ মুখতারী এবং যুগ্ম আহবায়ক শাহ সুফী মুহিব্বুল আরেফিন বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ ও আলেম-উলামারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শ স্মরণের একটি গুরুত্বপূর্ণ দিন। তাঁর আদর্শ, মানবিকতা, শান্তি ও সম্প্রীতির শিক্ষা মানুষের জীবনে অনুসরণের আহ্বান জানানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। শোভাযাত্রা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি-অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ১২ রবিউল আউয়াল বুধবার (২৬ আগস্ট) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে।