রাজশাহী

পবা

হড়গ্রাম ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে জটিলতা, হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

চেয়ারম্যান পদত্যাগের পর প্যানেল চেয়ারম্যান-১ মুনজুর রহমান দায়িত্ব নেন। গত ১৭ আগস্ট তাঁর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-২ মো. জয়নাল আবেদীনের দায়িত্ব পাওয়ার কথা।

তবে দায়িত্ব নেওয়ার আগেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এ ঘটনায় প্রশ্ন তুলেছেন সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি বিষয়টিকে ব্যঙ্গ করে বলেছেন, ‘বিয়ের আগে তালাক! বিয়ে হলো না, আর তালাক হয়ে গেল কীভাবে?’

জয়নাল আবেদীনের অভিযোগ, রাজনৈতিক কারণে তাঁকে বাদ দিয়ে প্যানেল চেয়ারম্যান-৩ রুপালী পারভীনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার চেষ্টা চলছে। এ প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন।

জয়নাল আবেদীনের দাবি, আদালত চার মাসের স্থিতাবস্থা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্ধারিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের সভা বাতিল করেছে উপজেলা প্রশাসন।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান জানিয়েছেন, হাইকোর্টের স্থিতাবস্থার বিষয়টি জানার পর ইউএনওর পরামর্শে সভা বাতিল করা হয়েছে।