রাজশাহী

রাজশাহী

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: মিনু

স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি:
স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ভূমিমন্ত্রী মিনু বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল হওয়ায় নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রার্থী হতে আগ্রহী থাকেন। তবে দলীয়ভাবে সমন্বয়ের মাধ্যমে শেষ পর্যন্ত একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের সিদ্ধান্তের প্রতি সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির নেত্রী মাহমুদা হাবিবা, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ইশা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।