রাজশাহী

জার্মান উন্নয়ন সংস্থার সাথে রাসিকের মতবিনিময়

রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

‌নিজস্ব প্রতি‌বেদক
জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সঙ্গে  রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সঙ্গে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। |রাজ টাইমস

রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। নগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বনায়ন এবং নগর ব্যবস্থাপনা নিয়ে জিআইজেড প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার ও লিভিবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রকল্পের হেড কাথারিনা মানেকের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে রাজশাহী মহানগরীর বর্তমান ও ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা, বনায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নগরীর উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কারিগরি ও অভিজ্ঞতাভিত্তিক সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, রাজশাহীর বাস্তবতা ও নগরবাসীর প্রয়োজন বিবেচনায় নিয়ে জিআইজেডের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

এ সময় জিআইজেডের ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ, ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী, রাসিকের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন উপস্থিত ছিলেন।