বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বাটার মোড় থেকে র্যালিটি বের হয়। এর আগে সেখানে র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বাটার মোড়ে সমবেত হন।
পরে বাটার মোড় থেকে র্যালিটি মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।
সমাবেশে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত এবং কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।